
‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমনি
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০২:৩৪ অপরাহ্ণ

আদালত প্রাঙ্গণে সাংবাদিকের স্পর্শ নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা পরীমনি। তাঁর প্রশ্ন, সাংবাদিক পরিচয় দিলেই কি কাউকে স্পর্শ করার অধিকার পাওয়া যায়? ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেছেন, ‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে।’ মঙ্গলবার আদালতে হাজির হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।
পরীমনি জানান, প্রায় ছয় বছর ধরে আদালতে আসা-যাওয়া করছেন তিনি। এই দীর্ঘ সময়ে মূলধারার সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর—কারও সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি।
কিন্তু সম্প্রতি আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের আচরণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তিনি। এ প্রসঙ্গে পরীমনি বলেন, ওই ব্যক্তি তাঁকে স্পর্শ করলে তিনি কারণ জানতে চান। তখন ওই ব্যক্তি নিজের সাংবাদিক পরিচয়পত্র দেখান। জবাবে পরীমনি বলেন, ব্যাড টাচ হোক কিংবা গুড টাচ, তাঁর তো ব্যথা লাগছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার আদালতে উপস্থিত হন এই অভিনেত্রী।
তবে এদিন মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি হয়নি। শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, মামলাটি বিশেষ জজ আদালত থেকে ঢাকার সিএমএম আদালতে স্থানান্তর করা হয়েছে। পরে সেখানে পরীমনির হাজিরা সম্পন্ন হয় এবং নতুন তারিখ ধার্য করা হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরদিন তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। একই মামলায় আসামি করা হয় আরও দুজনকে। তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি।
২০২২ সালের ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলেও সেই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। পরে তাঁর ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়।
দীর্ঘদিন ধরে চলা এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ ডিসেম্বর। এর মধ্যেই আদালত প্রাঙ্গণে সাংবাদিকের আচরণ নিয়ে পরীমনির মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।






















