বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

হাতিয়ায় মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ পাচারকারী আটক

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০১:১৭ অপরাহ্ণ


হাতিয়ায় মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ পাচারকারী আটক

নোয়াখালীর হাতিয়া সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট ও একটি কার্গো বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দসহ ৯ পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট, কার্গো বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

Link Copied