বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

অস্থিতিশীলতা ঠেকাতে রায়গঞ্জে সতর্ক পুলিশ, জোরদার চেকপোস্ট

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০২:০৫ অপরাহ্ণ


অস্থিতিশীলতা ঠেকাতে রায়গঞ্জে সতর্ক পুলিশ, জোরদার চেকপোস্ট

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ১৯ নভেম্বর থেকে ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সিরাজগঞ্জের রায়গঞ্জে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বুধবার সন্ধ্যা থেকেই মাঠে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার সকালেও গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও জনবহুল এলাকায় অব্যাহত রয়েছে পুলিশের বিশেষ নজরদারি।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খানের নেতৃত্বে রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশের একাধিক টিম নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। রায়গঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন এবং সলঙ্গা থানার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি।

বুধবার সন্ধ্যা থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাত্রিকালীন চেকপোস্ট বসানো হয়। রাতভর যানবাহনে তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং টহল কার্যক্রম পরিচালনা করে পুলিশ। বৃহস্পতিবার সকালেও উপজেলার চান্দাইকোনা মহাসড়ক এলাকায় চেকপোস্ট পরিচালনা করতে দেখা যায়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান নিজে উপস্থিত থেকে নিরাপত্তা কার্যক্রম তদারকি করেন।

চান্দাইকোনা, ধানগড়া, ভূঁইয়াগাতী, সলঙ্গা ও হাটিকুমরুলসহ গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করছে। জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা শুধু আজ নয়, প্রতিদিনই কাজ করে যাচ্ছি। পুলিশের কাজই হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। দেশে যেন নতুন করে কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য নিজে মাঠে উপস্থিত থেকে কাজ করছি। সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এরপরও কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য আমাদের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।’

পুলিশের এমন তৎপরতায় রায়গঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা নজরদারি জোরদার হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এমএসএম / এমএসএম

Link Copied