বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

রাণীনগরে আগাম আমন কেটে আলু ও সরিষা চাষে ব্যস্ত কৃষকেরা

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০২:০৮ অপরাহ্ণ


রাণীনগরে আগাম আমন কেটে আলু ও সরিষা চাষে ব্যস্ত কৃষকেরা

নওগাঁর রাণীনগর উপজেলার আটটি ইউনিয়নের মাঠজুড়ে এখন আগাম জাতের রোপা আমন ধান কেটে সেই জমিতে আলু ও সরিষা রোপণের ধুম পড়েছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমি প্রস্তুত ও বীজ রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকেরা।

উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, আগাম পাকা ধান কাটার পরপরই জোরকদমে জমি তৈরি করে আলু ও সরিষা লাগানো হচ্ছে। কালীগ্রাম ইউনিয়নের ভেটি গ্রামের কৃষক মো. আক্কাস আলী জানান, তিনি এ বছর ৬ বিঘা জমিতে সরিষা এবং ৮ বিঘা জমিতে আলু চাষ করেছেন। একই ইউনিয়নের পুস্তাগাড়ী গ্রামের কৃষক মো. আশরাফ আলী ৪ বিঘা জমিতে আলু ও ৩ বিঘা জমিতে সরিষা এবং সিলমাদার গ্রামের মো. টনিচ ৪ বিঘা জমিতে সরিষাসহ সামান্য জমিতে আলু রোপণ করেছেন।

তবে কৃষকদের অভিযোগ, এ বছর আলুবীজের দাম তুলনামূলক বেশি হওয়ায় তাঁদের কিছুটা বিপাকে পড়তে হয়েছে। এ ছাড়া সরকারিভাবে পর্যাপ্ত বীজ, সার বা অন্যান্য সহযোগিতা না পাওয়ার কথাও জানান তাঁরা। তবুও আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক সময়ে পরিচর্যা করতে পারলে বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাণীনগর উপজেলায় ৪ হাজার হেক্টর জমিতে সরিষা এবং ৯৮০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফাকিমা খাতুন জানান, আগাম জাতের ধান কাটার পরপরই সময়মতো আলু ও সরিষা রোপণের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। ইতিমধ্যে দেড় শ কৃষকের মাঝে এক কেজি করে উচ্চফলনশীল বারি-১১ জাতের সরিষার বীজ বিতরণ করা হয়েছে। এ ছাড়া সঠিক সময়ে বীজ রোপণ, সার ও কীটনাশকের সুষম ব্যবহার নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত পরামর্শ ও নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।

এমএসএম / এমএসএম

Link Copied