
বরিশালে শপিংমলে আগুন, পুড়ে গেল পার্কিংয়ে রাখা প্রাইভেটকার
প্রকাশিত: ২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ণ

বরিশাল নগরীর অভিজাত শপিংমল ফাতেমা সেন্টারের নিচতলায় পার্কিংয়ে রাখা প্রাইভেটকারে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। তবে আগুনে বড় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টার পর রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
নয়তলা ভবনের চারতলা পর্যন্ত অন্তত ৩০টি দোকান ও একটি এটিএম বুথ আছে। অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার জন্য মার্কেটের সব দোকান বন্ধ করে দেওয়া হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এক ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ রাখা হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাত সোয়া ৮ টার দিকে হঠাৎ ফাতেমা সেন্টারের পার্কিং থেকে ধোঁয়া ছড়াতে শুরু করে। চোখে পড়ার সঙ্গে সঙ্গে নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। ডাকচিৎকারে শপিংমলের বিভিন্ন দোকানের স্টাফরা দ্রুত নেমে যে যার মতো করে পাশে থাকা বিবির পুকুরের পানি এনে ছিটানো শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। মোট পাঁচটি ইউনিট এখানে কাজ করেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। গ্যারেজে থাকা গাড়ির ভেতর থেকে ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ইঞ্জিন এবং গাড়ির ভেতর সামান্য কিছু আগুনের দেখা মিলেছে। কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কি কারণে আগুন লেগেছে তদন্ত করে সে বিষয়ে জানা যাবে।
শপিংমল কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের সময় পার্কিংয়ে একটি প্রাইভেট কার ও ১০টি মোটরসাইকেল ছিল। গাড়িতে আগুন লাগার পরপরই মোটরসাইকেলগুলো সরিয়ে নেওয়ায় সেগুলো রক্ষা পায়। যদি আগুন ছড়িয়ে পড়তো তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটতো। ফাতেমা সেন্টারে একটি ব্যাংকসহ নামিদামি কয়েকটি ব্র্যান্ডের দোকান আছে। এছাড়া আছে বেশ কিছু মোবাইলের দোকান। আগুন ছড়িয়ে পড়লে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতো।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. আলী আশরাফ ভূঞা বলেন, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। যদি আগুন ছড়িয়ে পড়তো তাহলে কোটি টাকার ক্ষয়ক্ষতিসহ বড় দুর্ঘটনা ঘটতে পারতো। ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ তদন্ত করছে।




















