
নিজ শটগানের গুলিতে কনস্টেবল আহত
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০৬ অপরাহ্ণ

বরিশালের মেহেন্দিগঞ্জে মৎস্য বিভাগের সঙ্গে অভিযানে গিয়ে নিজ শটগানের গুলিতে মো. কায়সার আহমেদ নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চর শেফালী নলচর খালের মুখে এ ঘটনা ঘটে। আহত কায়সার আহমেদ মেহেন্দিগঞ্জ থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।
মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, অবৈধ জাল দিয়ে নদীতে জাটকা শিকার বন্ধে মৎস্য বিভাগের অভিযান যায় পুলিশের একটি দল। এ সময় কায়সার তার শটগানের গুলি লোড করতে যান। অসাবধানবশত গুলি কায়সারের বাম পায়ের বুট ভেদ করে। প্রথমে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে এবং পরে ঢাকায় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গজালিয়া নদীতে অভিযান চালানো হয়েছে। অভিযানে র্যাব, কোস্টগার্ড ও পুলিশ সহায়তা করে। দিনভর অভিযানে অবৈধ ২০টি পাইজাল, আটটি বেহুন্দি জাল ও ৫০টি চরঘেরা জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।




















