
লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬, ০৯:১৯ অপরাহ্ণ

‘জয়তু বুদ্ধ সাসনম’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের নূরপুর মহানন্দ বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেলে বিহার প্রাঙ্গণে এ বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুমিল্লা-নোয়াখালী ভিক্ষু সমিতির উপদেষ্টা পূজনীয় জিনানন্দ মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস। অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শীলভদ্র মহাথের, প্রধান জ্ঞাতি প্রজ্ঞাশ্রী মহাথের এবং প্রধান ধর্মদেশক শান্তজ্যোতি থের। এ ছাড়া ধর্মালোচনায় অংশ নেন রতন জ্যোতি ভিক্ষু ও ধর্মজ্যোতি ভিক্ষু।
বিশেষ অতিথি ছিলেন লালমাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিহার কমিটির সভাপতি ডা. বিশ্বজিৎ সিংহ, কোষাধ্যক্ষ সঞ্জু সিংহসহ স্থানীয় দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকাবৃন্দ উপস্থিত ছিলেন। উৎসব উপলক্ষে দুপুরে ভক্তদের মাঝে খাবার ও প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় প্রধান অতিথি রঙিন ফানুস উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন এবং রাতে বিহার চত্বরে ভক্তিমূলক বুদ্ধকীর্তন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস বলেন, কঠিন চীবর দান হলো বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম প্রধান, পবিত্র ও সর্বশ্রেষ্ঠ ধর্মীয় আচার। ভিক্ষু সংঘকে উদ্দেশ্য করে এই বিশেষ চীবর দানের মাধ্যমে পারস্পরিক মৈত্রী ও অহিংসার বার্তা ছড়িয়ে পড়ে। তিনি স্থানীয় সংসদ সদস্যের সাথে সমন্বয়ের মাধ্যমে উপজেলা প্রশাসন থেকে নূরপুর মহানন্দ বৌদ্ধ বিহারের সার্বিক উন্নয়নমূলক কাজে সাধ্যমতো অর্থ বরাদ্দ ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সকলকে সম্প্রীতি বজায় রেখে চলার আহ্বান জানান।



















