
গোপালগঞ্জের শান্তি ও সম্প্রীতি রক্ষায় নতুন প্রশাসনের কাছে জনগণের প্রত্যাশা
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৫:১৬ অপরাহ্ণ

দেশের রাজনৈতিক ইতিহাস, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ জনপদ গোপালগঞ্জ। এ জেলার শান্তি, স্থিতিশীলতা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নবনিযুক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের কাছে নিরপেক্ষ, পেশাদার ও জনবান্ধব ভূমিকার প্রত্যাশা করছেন স্থানীয় নাগরিকেরা।
সম্প্রতি ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। সংবেদনশীল এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ পদায়নকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সচেতন মহলের মতে, একজন পুলিশ কর্মকর্তার সাফল্য তাঁর পদায়নের পরিচয়ে নয়, বরং দায়িত্ব পালনে নিরপেক্ষতা, পেশাদারত্ব, সাহসিকতা ও জনআস্থা অর্জনের মধ্য দিয়েই প্রমাণিত হয়।
স্থানীয় বাসিন্দা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা জানান, গোপালগঞ্জের রাজনৈতিক বাস্তবতা অত্যন্ত সংবেদনশীল। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক সনাতন ধর্মাবলম্বীর বসবাস। ফলে রাজনৈতিক বিরোধ বা প্রতিহিংসাকে কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগ, বাড়িঘর ধ্বংস কিংবা ধর্মীয় উপাসনালয়ে হামলার মতো ঘটনা সামাজিক সম্প্রীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অপরাধীর রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় যা-ই হোক, আইনের ভিত্তিতেই তার বিচার নিশ্চিত করতে হবে।
বিশ্লেষকদের মতে, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সনাতন ধর্মাবলম্বী হওয়ায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ও ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একটি স্বাভাবিক সামাজিক সংযোগ তৈরি হতে পারে। তবে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সব ধর্ম, মত ও রাজনৈতিক পরিচয়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান পরীক্ষা। কোনো সহিংসতাকে কেন্দ্র করে যাতে সাম্প্রদায়িক উত্তেজনা বা গুজব ছড়াতে না পারে এবং কোনো অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থাকে যাতে ধর্মীয় নিপীড়ন হিসেবে অপপ্রচার চালানো না যায়, সেজন্য পুলিশের প্রতিটি অভিযান, গ্রেপ্তার ও তদন্ত স্বচ্ছ ও তথ্যনির্ভর হওয়া জরুরি।
জেলার আইনশৃঙ্খলা ও সম্প্রীতি অটুট রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত মতবিনিময় এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারির পরামর্শ দিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ড. কে এম বাবরসহ নতুন জেলা প্রশাসক ও পুলিশ সুপার সম্মিলিতভাবে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবেন এবং গোপালগঞ্জকে সব মানুষের নিরাপদ আবাসভূমি হিসেবে গড়ে তুলবেন—এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।


















