মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন

reporter

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৫:০২ অপরাহ্ণ


চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন

সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ও সাশ্রয়ী মূল্যে যাতায়াত করতে পারেন, সেটিই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটে নতুন কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে রেলওয়ে খাতের প্রতি অনেক অবিচার করা হয়েছে, যার ফলে রেলওয়ের অনেক কিছুই ভঙ্গুর অবস্থায় রয়েছে। রাষ্ট্রীয় ক্রয়প্রক্রিয়া একটি নির্দিষ্ট ও স্বচ্ছ পদ্ধতির মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়। এ ক্ষেত্রে নানা জটিলতা থাকলেও অনেক দূর অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের উদ্দেশ্য উচ্চবিত্ত মানুষের যাতায়াতের ব্যবস্থা করা নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠীর যাতায়াত নিশ্চিত করা। ট্রেনের সময়সূচি যথাযথভাবে বাস্তবায়নে শুরুতে কিছুটা সমন্বয়ের প্রয়োজন হলেও ধীরে ধীরে সবকিছু নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ শফিকুর রহমান, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্ব) সুজিত কুমার বিশ্বাস, প্রধান সংস্থাপন কর্মকর্তা (পূর্ব) (অতিরিক্ত দায়িত্ব) মো. শওকত জামিল মোহসী এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চিফ কমান্ড্যান্ট (পূর্ব) মো. জহিরুল ইসলাম।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই কমিউটার ট্রেন চালুর ফলে চট্টগ্রাম-নাজিরহাট রুটে সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের যাতায়াত আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় হবে।

এমএসএম / এমএসএম

Link Copied