মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

ফটিকছড়ির ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

reporter

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ


ফটিকছড়ির ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঞ্চল্যকর রোজি আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।

সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. নাছির (৪৮) ফটিকছড়ি উপজেলার শাহানগর এলাকার আমির হোসেনের ছেলে।

এসআরবি-৭ সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১৬ মে রোজি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার বিষয়টি প্রমাণিত হলে নিহতের ভাই আবু তাহের বাদী হয়ে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্ত সূত্রে জানা গেছে, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিবেশী আ. মান্নানের সঙ্গে বিরোধের জেরে ২০০৪ সালের ১৫ মে রাতে ঘর থেকে বের হওয়া মাত্র রোজিকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করেন মান্নান ও নাছির। পরে ঘটনা ধামাচাপা দিতে তাঁকে শ্বাসরোধে হত্যার পর অপর দুই সহযোগী আবু বক্কর ও নুরুল ইসলামের সহায়তায় মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়।

ঘটনার পর থেকেই পলাতক ছিলেন নাছির। দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আত্মগোপনে থাকার পর দেশে ফিরে নাম পরিবর্তন করে ‘মো. আজম’ পরিচয়ে বসবাস করছিলেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাঁকে আইনের আওতায় আনা হয়।

সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Link Copied