
দুমকিতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫ যুবক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ

পটুয়াখালীর দুমকিতে পুলিশের পৃথক তিনটি বিশেষ অভিযানে ১০৫ গ্রাম গাঁজাসহ পাঁচ যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ও রাতে উপজেলার আংগারিয়া ও লেবুখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে নিজাম মীরার বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। এসআই এইচ এম সজলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ মো. শওকত হাওলাদার (২০) ও হৃদয় হাওলাদার (২২) নামে দুই যুবককে আটক করা হয়।
আটক শওকত হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া এলাকার সবুজ হাওলাদারের ছেলে। অপর আটক হৃদয় হাওলাদার দুমকি উপজেলার জলিশা গ্রামের পলাশ হাওলাদারের ছেলে।
এদিকে রাত সাড়ে ১২টার দিকে লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের সাতানী-আঠারোগাছিয়া সড়কের মাথায় সুজন জোমাদ্দারের বাড়ির সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় ২০ গ্রাম গাঁজাসহ তাওহীদ তালুকদার (২০) নামে আরও এক যুবককে আটক করা হয়। তিনি ওই গ্রামের নজরুল ইসলাম তালুকদারের ছেলে। এ অভিযানে নেতৃত্ব দেন এএসআই মোশারফ হোসেন।
অন্যদিকে এসআই রুবেল আজাদের নেতৃত্বে পুলিশের অপর একটি দল লেবুখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কবির আকন বাড়ির সামনের পাইলিং সড়কে অভিযান চালায়। এ সময় ৫৫ গ্রাম গাঁজাসহ রনি আকন (২২) ও রাব্বি হাসান (২২) নামে দুই যুবককে আটক করা হয়। রনি আকন মো. মাহবুব আকনের ছেলে এবং রাব্বি হাসান মো. জাহাঙ্গীরের ছেলে। তাঁদের দুজনের বাড়িই লেবুখালী ইউনিয়নে।
পুলিশ জানায়, পৃথক তিনটি অভিযানে উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দুমকি থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। এর মধ্যে দুটি মামলা ১০ নভেম্বর এবং অপরটি ১১ নভেম্বর রুজু করা হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটক ব্যক্তিদের পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।



















