
বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ

নারীর ক্ষমতায়ন ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির উদ্যোগে এক আলোচনা সভা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মরিয়ম বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক রূপ কুমার পাল।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, অধিকার রক্ষা ও আত্মনির্ভরশীলতা অর্জনে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটি বরগুনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সমাজের পিছিয়ে পড়া নারীদের মূলধারায় সম্পৃক্ত করতে আগামীতেও সংগঠনটির এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



















