মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

সাতকানিয়া পিডিবির অনিয়ম ফাঁসের সন্দেহে সহকর্মীকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

reporter

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০২:২৪ অপরাহ্ণ


সাতকানিয়া পিডিবির অনিয়ম ফাঁসের সন্দেহে সহকর্মীকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামের সাতকানিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কার্যালয়ের অনিয়ম ও দুর্নীতির ভিডিও ফুটেজ ফাঁসের সন্দেহে নজরুল নামের এক কর্মচারীকে বাস থেকে নামিয়ে মারধর, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কেরানীহাট এলাকার এস আলম পরিবহন কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নজরুলের অভিযোগ, সাতকানিয়া পিডিবি কার্যালয়ে বিদ্যুৎ সংযোগে অনিয়ম, অবৈধ লাইন স্থাপন এবং বাণিজ্যিক ভবনে আবাসিক মিটার ব্যবহারের মাধ্যমে অর্থ আদায়ের কিছু ভিডিও ফুটেজ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়। এসব তথ্য ফাঁসের সন্দেহে আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিক ও লাইন পরীক্ষা-নিরীক্ষার দায়িত্বে থাকা কর্মচারী ফয়সাল আহমদ তাঁকে দায়ী করে আসছিলেন।

নজরুল জানান, সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে কেরানীহাটের এস আলম কাউন্টারের সামনে এস আলম পরিবহনের একটি বাস থেকে তাঁকে নামিয়ে মারধর করেন ফয়সাল আহমদ ও স্থানীয় বাসিন্দা আব্দুল করিম। এ সময় তাঁর মোবাইল ফোন ও পকেটে থাকা নগদ ৩৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে বাসের চালক ফোরকান, সহকারী ও যাত্রীরা তাঁর চিৎকার শুনে এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।

নজরুলের আরও অভিযোগ, আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিকের ইন্ধনেই তাঁকে লাঞ্ছিত করা হয়েছে। এ ছাড়া বহিরাগত আব্দুল করিম নিয়মিত পিডিবি কার্যালয়ে যাতায়াত করেন এবং ফয়সালের সঙ্গে একটি কক্ষে বসে জুয়া ও মাদক সেবন করেন বলেও দাবি করেন তিনি। বিষয়টি পিডিবির প্রধান প্রকৌশলীকে জানানো হয়েছে এবং লিখিত অভিযোগ দিয়ে ফৌজদারি মামলা করবেন বলে জানান নজরুল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফয়সাল আহমদ মোবাইল ফোন নেওয়ার কথা স্বীকার করলেও মারধরের অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, অফিসের তথ্য পাচার করায় নজরুলের মোবাইল ফোনটি নেওয়া হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করে আব্দুল করিম জানান, তিনি ফয়সালের ভগ্নিপতি। মোবাইল ফোন নেওয়ার বিষয়টি স্বীকার করলেও কোনো টাকা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে নজরুলকে অনুরোধ জানিয়েছেন বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, সম্প্রতি সাতকানিয়া পিডিবি কার্যালয়ে অবৈধ সংযোগ ও বাণিজ্যিক ভবনে আবাসিক মিটার দিয়ে অর্থ আদায়ের অভিযোগে ফয়সাল আহমদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ভিডিওসহ প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিকেরও সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাতকানিয়া পিডিবির আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিকের মুঠোফোনে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি।

এমএসএম / এমএসএম

Link Copied