মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

ত্রিশালে পিএমকের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

reporter

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০২:১৭ অপরাহ্ণ


ত্রিশালে পিএমকের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

ময়মনসিংহের ত্রিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’-এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) পিএমকে ত্রিশাল শাখা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে উপজেলার প্রায় পাঁচ শতাধিক অতিদরিদ্র ও অসহায় মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্যাম্পে মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু, সার্জারি এবং চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকেরা দিনভর রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেন। চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আনিসুর রহমান, ডা. মারিয়া তাসনিম, ডা. শাকিলা জামান, ডা. মো. মনিরুজ্জামান, ডা. মো. হোসেন আহমদ, ডা. রুহুল আমিন, ডা. আব্দুল্লাহ আল মামুন এবং ডা. বিপুল চন্দ্র দাস।

পুরো কার্যক্রম তদারকি করেন পিএমকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মো. নবাব আলী, জোনাল আইটি অফিসার মো. আশরাফুল ইসলাম, ত্রিশাল শাখা ব্যবস্থাপক মো. আল আমিন এবং হিসাবরক্ষক মো. ইছাহাক আলম।

পিএমকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মো. নবাব আলী জানান, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি বহুমুখী উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যসেবা কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ত্রিশাল শাখায় বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ এবং চক্ষু রোগীদের পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়েছে। আগামীতেও অসহায় মানুষের পাশে থেকে এ সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চশমা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সেবাগ্রহীতারা।

এমএসএম / এমএসএম

Link Copied