মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতেই হবে: ডা. জাহেদ

reporter

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০২:০৭ অপরাহ্ণ


শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতেই হবে: ডা. জাহেদ

শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে প্রত্যর্পণ চাওয়ার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। তাকে প্রত্যর্পণ করতেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে। এ বিষয়ে সরকারের অবস্থান একেবারে ধারাবাহিক ও সুস্পষ্ট।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জের সহিংসতায় আওয়ামী লীগের সম্পৃক্ততা এবং দলটির নেতাকর্মীদের বিভিন্ন পরিচয়ে আত্মগোপনে থাকার বিষয়ে এক প্রশ্নের উত্তরে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ কোনো ন্যায্য আন্দোলনে নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ পেলে তা কাজে লাগানোর চেষ্টা করে। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনটি ছিল ন্যায্য। শ্রমিকরা নিজেদের কষ্টের কথা জানাতে মাঠে নেমেছিলেন। কিন্তু সেখানে আওয়ামী লীগ সুযোগ নেওয়ার চেষ্টা করেছে।

তিনি বলেন, এ ধরনের ঘটনা যেখানেই ঘটুক না কেন, সরকারকে চাপে পড়তে হয়। কারণ সমস্যাগুলো সরকারকেই সামাল দিতে হয়। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বিভিন্ন জায়গায় চিহ্নিত হয়েছেন, সাঈদ খোকন কিংবা প্রজাতন্ত্রের কর্মচারীদের পোশাকে থাকা আওয়ামী লীগের সদস্য প্রত্যেকের বিষয়ে সরকারের নজরদারি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আমি আপনাকে নিশ্চিত করি, আমরা দ্রুত এই জিনিসগুলো ম্যানেজ করতে পারব। এটা সরকারেরই অনেক বড় মাথাব্যথা। সরকার এটা করবে, নিশ্চিত।

দীর্ঘমেয়াদি স্বৈরশাসনের পর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন হওয়া দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি তুলনা করার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। কারণ ওই দুই দেশে গণঅভ্যুত্থানে সরকারের পতন হলেও সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় ছিল এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়নি।

তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি তিউনিসিয়া, মিসর, লিবিয়া ও ইয়েমেনের সঙ্গে তুলনা করা যেতে পারে। সেই তুলনায় ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। তবে দেশের ভঙ্গুরতা এখনো রয়েছে এবং পূর্ণাঙ্গভাবে কাজ করার মতো অবস্থায় যেতে আরও কিছুটা সময় প্রয়োজন।

aliul / aliul

Link Copied