
বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজি
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ণ

বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি বরাদ্দ অনুযায়ী ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও সুবিধাভোগীদের ২৪ থেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় ডিলার মেসার্স নজরুল ট্রেডার্স-এর স্বত্বাধিকারী নজরুল ইসলামের বিরুদ্ধে চাল আত্মসাৎ ও কালোবাজারে বিক্রির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সাতজন সুবিধাভোগী। সোমবার (১৬ নভেম্বর) ভুক্তভোগীদের দেওয়া লিখিত অভিযোগ পত্রে এসব অনিয়মের কথা উল্লেখ করা হয়। অভিযোগের অনুলিপি রাজশাহীর জেলা প্রশাসক ও বাঘা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছেও পাঠানো হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে ওই ডিলার ও তার কর্মচারীরা সরকারি চাল বিতরণে অনিয়ম করে আসছেন। নিয়ম অনুযায়ী প্রতিটি কার্ডের বিপরীতে ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও সেলাইকরা করা বস্তা খুলে ওজন করে ২৪ থেকে ২৫ কেজি চাল দেওয়া হচ্ছে। সম্প্রতি সুবিধাভোগীরা ব্যক্তিগতভাবে ওজন যাচাই করে প্রতিটি কার্ডে ৫ থেকে ৬ কেজি চাল কম পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তাদের দাবি, এভাবে শত শত কার্ডধারীর প্রাপ্য চাল থেকে বিপুল পরিমাণ চাল আত্মসাৎ করে কালোবাজারে বিক্রি করা হচ্ছে। কেউ চাল কম দেওয়ার প্রতিবাদ করলে ডিলারের লোকজন অসদাচরণ করেন। এমনকি ভবিষ্যতে কার্ড বাতিল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তারা। প্রান্তিক ভাতাভোগীদের সরলতাকে কাজে লাগিয়ে অনেক দিন থেকেই এমন কর্মকান্ড করে আসছিলেন তারা। কার্ডধারীরা বলেন, আমাদের যেভাবে চাল দেয় আমরা সেই ভাবে বাসায় নিয়ে যায় কখনো যাচাই করি নি কিন্তু হাতে নিলেও আন্দাজ করতে পারি যে কিছুটা কম আছে। "আমরা কখনো প্রতিবাদ করি নি কিন্তু দিন দিন এই কমের পরিমাণ বেড়েই চলেছে গরিবদের সব জায়গাতেই কষ্ট"
অভিযোগপত্রে ভুক্তভোগীরা বিষয়টি সরেজমিনে তদন্ত করে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনে ডিলারশিপ বাতিল এবং প্রত্যেক সুবিধাভোগীকে নির্ধারিত পরিমাণ চাল বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় নেতৃবৃন্দ এ ঘটনায় তিব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন। তারাও এই ঘটনার সঠিক তদন্ত করে যথাযথ প্রদক্ষেপ নেওয়ার কথা বলেন।
তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ডিলার নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি।
এ অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার বলেন, কিছু ভুক্তভোগী এসেছিলেন আমি তাদের অভিযোগ শুনেছি এবং তারা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সহ সংশ্লিষ্টদের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।



















