মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

কুড়িগ্রামে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

reporter

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ


কুড়িগ্রামে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানামুখী সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে কুড়িগ্রামে দৈনিক প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে প্রথম আলো কুড়িগ্রাম বন্ধুসভার উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান। অনুষ্ঠানে জেলার দুই সেরা পাঠক চিলমারী উপজেলার রমনা সরকারবাড়ির গৃহবধূ শিউলি বেগম এবং খলিলগঞ্জ এলাকার বাসিন্দা আমিনুর রহমানকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। তাঁরা দুজনই ১৯৯৮ সালে পত্রিকাটির প্রকাশনালগ্ন থেকে নিয়মিত প্রথম আলো পড়েন ও সংরক্ষণ করে আসছেন।

আলোচনা সভায় অতিথিরা বলেন, প্রথম আলো কেবল দেশের প্রথম সারির একটি সংবাদপত্র নয়; গত ২৮ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি নানা সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এটি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর থেকেই প্রথম আলো সত্য প্রকাশ করে আসছে। সত্য প্রকাশই পত্রিকাটির মূল শক্তি এবং লাখো পাঠক এর সবচেয়ে বড় ভরসা। কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান বলেন, খবরে কীভাবে সত্য তথ্য সুন্দরভাবে গুছিয়ে তুলে ধরা যায়, তা প্রথম আলো দেখিয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা সফি খান, মোখলেছুর রহমান মুকুল ও ওবায়দুর রহমান, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি রুকুনুজ্জামান রুকু, জেলা রোভার স্কাউটসের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পলাশ, সাংস্কৃতিক সংগঠক তানভীর মামুন, লেখক নাহিদ হাসান, কুড়িগ্রাম বন্ধুসভার সহসভাপতি নয়ন সরখেল, সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার, যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান ভরসা এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হক।

আলোচনার ফাঁকে ফাঁকে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের নাচ, গান এবং কুড়িগ্রাম লালন আখড়াবাড়ির শিল্পী সাধু দুলাল চন্দ্র বর্মণের লালনগীতি পরিবেশিত হয়। শেষে বন্ধুসভার উপদেষ্টা সফি খান সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

Link Copied