মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

নগরকান্দায় তিন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

reporter

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ণ


নগরকান্দায় তিন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের নগরকান্দায় ওষুধের দোকানে অভিযান চালিয়ে তিনটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নিম্নমানের ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ওষুধ ক্রয়ের বৈধ ইনভয়েস না পাওয়ায় এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নগরকান্দা উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠান তিনটি হলোরায় ফার্মেসি, নিউ রত্না ফার্মেসি ও ঠাকুর ড্রাগ হাউস।

অভিযান সূত্রে জানা যায়, বাজারের ওই তিনটি ফার্মেসিতে তল্লাশি চালিয়ে নিম্নমানের ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ ছাড়া ওষুধ ক্রয়ের বৈধ পাকা ইনভয়েসও দেখাতে পারেনি প্রতিষ্ঠানগুলো। এসব অনিয়মের দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান তিনটিকে বিভিন্ন অঙ্কে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের ফরিদপুর জেলার সহকারী পরিচালক মো. নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধের গুণগত মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

Link Copied