মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

logo

মুরাদনগরে সরকারি নির্দেশনা ছাড়াই বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত ফি নির্ধারণে ক্ষোভ

reporter

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ণ


মুরাদনগরে সরকারি নির্দেশনা ছাড়াই বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্টের নামে অতিরিক্ত ফি আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। কোনো ধরনের সরকারি পরিপত্র বা নির্দেশনা না থাকা সত্ত্বেও বাণিজ্যিক উদ্দেশ্যে এই পরীক্ষা ও ফি আদায় করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকরা।

অভিভাবকদের অভিযোগ, আগামী ২৩ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত মডেল টেস্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য প্রতি শিক্ষার্থী থেকে ৬০ টাকা করে পরিক্ষা ফি নির্ধারণ করা হয়েছে। অথচ সরকারিভাবে বৃত্তি পরীক্ষার যাবতীয় প্রক্রিয়া বিনামূল্যে থাকার পরও শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে এই মডেল টেস্টের বাড়তি ফি দিতে বাধ্য করা হচ্ছে।

এছাড়া পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঠিক তার আগমুহূর্তে অল্প সময়ের ব্যবধানে এই মডেল টেস্ট আয়োজন করায় কোমলমতি শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ ও বাড়তি হয়রানি বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামাল হোসেন বলেন, “মডেল টেস্টে পরীক্ষার্থীর সংখ্যা ২৪শ আটান্ন জন। এই পরীক্ষার কোনো সরকারি পরিপত্র বা নির্দেশনা না থাকলেও স্থানীয় প্রধান শিক্ষকদের অনুরোধক্রমে আমরা পরীক্ষাটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে পরীক্ষার ফি’র পরিমাণ এখনো চূড়ান্ত করা হয়নি।”

অন্যদিকে, উপজেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত) আলমগীর মোল্লা বলেন, “মডেল টেস্ট পরীক্ষার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং প্রতি পরীক্ষার্থীর জন্য ৬০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রশ্নপত্র ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী শিক্ষা অফিসার কামাল হোসেনকে।”

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মুনসুর আলী জানান, কেউ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো প্রকার নির্দেশনা ছাড়া মডেল টেস্ট পরীক্ষা ও অতিরিক্ত ফি আদায় করার সিদ্ধান্ত নিতে পারে না। তারা নিজেরাই এমন সিদ্ধান্ত নিয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক নূরুল ইসলাম জানান, বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা নেওয়ার কোনো নির্দেশনা নেই এবং তারা এটি নিতে পারে না।

সরকারি কোনো সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়াই এ ধরনের মডেল টেস্ট ও ফি আদায়ের ঘটনায় স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। দ্রুত এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী অভিভাবকরা।

এমএসএম / এমএসএম

Link Copied