
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ

সারাদেশে নগদবিহীন আর্থিক লেনদেন জনপ্রিয় করা এবং সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর ধামইরহাটে ‘বাংলা কিউআর’ ভিত্তিক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় উপজেলার ৪ নম্বর উমার ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
সোনালী ব্যাংক পিএলসি ধামইরহাট শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং ব্যাংক কর্মকর্তা সারোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়া কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আতিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় বাংলা কিউআর কোডের নানাবিধ সুবিধা, লেনদেনের গতিশীলতা এবং নিরাপদ ডিজিটাল অর্থনীতির গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক নওগাঁ কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার কাজী মেহেদী হাসান এবং ৪ নম্বর উমার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু জাফর।
কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বাংলা কিউআর পদ্ধতি ব্যবহারের বাস্তব প্রয়োগ, সুবিধা ও কারিগরি দিকগুলো হাতে-কলমে প্রদর্শন করেন বাংলাদেশ ব্যাংক বগুড়া কার্যালয়ের যুগ্ম পরিচালক শুভ্র বসাক। এ সময় তিনি অংশগ্রহণকারী গ্রাহক ও ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, ব্যাংকের নিয়মিত হিসাবধারী, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অংশগ্রহণকারীরা জানান, এ প্রশিক্ষণের ফলে তৃণমূল পর্যায়ে নগদ টাকার পরিবর্তে নিরাপদ ডিজিটাল লেনদেনের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও আস্থা বহুগুণ বৃদ্ধি পাবে।




















