
যশোরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ণ

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে (এএমএল/সিএফটি) সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা ও যশোর অঞ্চলের ১৭টি শাখার কর্মকর্তাদের নিয়ে কর্মশালা আয়োজন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) যশোরের একটি স্থানীয় হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাফর ছাদেক, এফসিএ।
কর্মশালায় ব্যাংকের ইভিপি, ডেপুটি ক্যামেলকো (ডিক্যামেলকো) ও অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের প্রধান মো. আব্দুল কুদ্দুস মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া একই বিভাগের এভিপি মো. আশরাফুল ইসলাম ট্রেড বেইজড ও ক্রেডিট বেইজড মানি লন্ডারিং বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করেন। কর্মশালায় খুলনা ও যশোর অঞ্চলের ১৭টি শাখার ব্যবস্থাপক, উপশাখা ব্যবস্থাপক, বিনিয়োগ ইনচার্জ এবং জেনারেল ব্যাংকিং (জিবি) ইনচার্জসহ মোট ৬২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের (রিকভারি-১) ইভিপি মো. মাজহারুল হক, রাইট অফ ইনভেস্টমেন্ট রিকভারি ইউনিটের ভিপি মো. সাজ্জাদ হোসাইন এবং স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের (রিকভারি-১) এসএভিপি মো. মমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন কেবল একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যই হুমকি নয়, বরং বৈশ্বিক আর্থিক ব্যবস্থার জন্যও বড় চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে ডিজিটাল হুন্ডি, অনলাইন জুয়া ও বেটিং এবং অবৈধ ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে অর্থ পাচারের প্রবণতা দেখা যাচ্ছে। ব্যাংকিং চ্যানেল যেন কোনোভাবেই অবৈধ অর্থের লেনদেন কিংবা সন্ত্রাসে অর্থায়নের মাধ্যম হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
কর্মশালা শেষে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে ‘এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা ও যশোর অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করেন ডিএমডি মো. জাফর ছাদেক।























