
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা : পুলিশের অভিযানে আটক ৮
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০১:৪৩ অপরাহ্ণ

আনোয়ারা উপজেলা চাতুরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্স
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকার ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বক্সের ভেতরে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ারসহ কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে চাতুরী চৌমুহনী পিএবি সড়ক সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দায়িত্ব পালন শেষে ট্রাফিক পুলিশ সদস্যরা বক্সটি তালাবদ্ধ করে চলে যান। বৃহস্পতিবার ফজরের সময় দায়িত্বে যোগ দিতে এসে তাঁরা দেখতে পান,বক্সের এক পাশের কাচ ভাঙা এবং ভেতরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুনে কয়েকটি চেয়ার পুড়ে যাওয়ায় বর্তমানে সেখানে বসে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না জানান ট্রাফিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করে চাতুরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সের টিআই মোহাম্মদ আশিকুর রহমান জানান,বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা বক্সে আগুন দিয়ে বক্স এবং বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।সকালে ডিউটিতে এসে ঘটনাস্থল পরিদর্শন করে অবগত হয়।আনোয়ারা থানার টহল টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন,খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে বক্সের আশপাশসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে মোট আটজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




















